বান্দরবান সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যাওয়ার সময় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় পাওয়াই ম্রো নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১৪ মার্চ) রাতে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের রালাইপাড়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
বান্দরবান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, সীমান্ত পেরিয়ে সপরিবারে মিয়ানমারে যাওয়ার সময় মাইন বিস্ফোরণে পাওয়াই ম্রো নামে এক ব্যক্তি মারা গেছেন। খবর পেয়ে সেনা সদস্যরা সেখানে যান। পরে আহত অবস্থায় নিহতের স্ত্রী চংরে ম্রো, শিশু সন্তান সিতু ম্রো, ইয়া ইয়ং ম্রো, তনকো ম্রো ও তংরুং ম্রোকে উদ্ধার করে ক্যাম্পে এনে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সীমান্ত এলাকাটি খুবই দুর্গম হওয়ায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, সম্প্রতি বান্দরবানের থানচি ও আলীকদম উপজেলা থেকে দালালচক্রের প্রলোভনে পড়ে বেশ কিছু পাহাড়ি পরিবার সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমারে চলে গেছে।








