টাঙ্গাইলের ঘাটাইলে মাইদারচালা গ্রামে পরিত্যক্ত গোলা বিস্ফোরণে ময়না বেগম (২৩) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। নিহত ময়না বেগম দিঘর ইউনিয়নের মাইদারচালা গ্রামের মৃত ইয়াকুব আলীর মেয়ে। বুধবার (০৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি মহিউদ্দিন জানান, ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ শেষে গোলা-বারুদের খোসা পড়ে ছিল। বুধবার সকালে ময়না বেগম ঘটনাস্থলে গিয়ে গোলা-বারুদের খোসা কুড়িয়ে মাইদারচালার নিজ বাড়িতে নিয়ে আসে। পরে প্রতিবেশীরা তা দেখতে ময়নাদের বাড়িতে আসলে তিনি ব্যাগ থেকে গোলা-বারুদ খোসাগুলো বের করে সজোড়ে উঠানে ছুঁড়ে মারে। এসময় খোসার সঙ্গে থাকা একটি অবিস্ফোরিত গোলার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই ময়না নিহত ও তিন প্রতিবেশী আহত হয়।
আহতরা হলেন- একই গ্রামের জয়নুদ্দিন (৬০), আব্দুর রাজ্জাক (৫২) ও মোহাম্মদ শরীফ (৩৫)। তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।
আরও পড়ুন: কসবা থানার ওসি প্রত্যাহার








