নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েলের আগুনে একই পরিবারের শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন: শাহাদাৎ হোসেন সাবু, তার স্ত্রী রূপালী ও শিশুপুত্র রিফাত।
জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার ভোরে পূর্ব সস্তাপুর রাজন পাটোয়ারীর বাড়িতে এঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মশারি ও আসবাবপত্রে আগুন লেগে যায়। তখন ওই পরিবারের ৩ জনই ঘুমিয়ে ছিলেন। এসময় ঘর থেকে বের হতে না পেরে তারা সবাই দগ্ধ হন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দগ্ধ শাহাদাৎ একজন সুপারি ব্যবসায়ী ও তার স্ত্রী রূপালী পেশায় গার্মেন্টকর্মী। তাদের অবস্থা আশঙ্কাজনক।
পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেছে।








