আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে এর একমাত্র কারণ দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে। এতিমের টাকা চুরির দায়ে আদালত খালেদা জিয়াকে সাজা দিয়েছে পাঁচ বছর। জরিমানা করেছে আড়াই কোটি টাকা। সেই জন্য খালেদা জিয়া জেলে। আমরা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না। যদি প্রতিহিংসায় বিশ্বাস করতাম তাহলে ২০১৪ সাল থেকে খালেদা জিয়া অনেকবার জেলে আসা যাওয়া করতেন। আমরা আইনের শাসন বিশ্বাস করি।’
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে তন্তর বাজারে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপির সময় দেশে কখনও কোনোদিন আইনের শাসন ছিল না। আওয়ামী লীগের সময়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ ৩০ লাখ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন করেছি। সেই বাংলাদেশে আমরা আইনের শাসন বিশ্বাস করি বলেই এতিমের টাকা মেরে খাওয়ার দায়ে খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে।’
ধরখার ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, মন্ত্রীর একান্ত সহকারী সচিব রাশেদুল কায়ছার জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূইয়া, মো. সেলিম ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেনসহ ধরখার ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।








