সিরাজগঞ্জে হবু বরের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় ছয়তলা বাসার ছাদ থেকে পা পিছলে পড়ে দোলা কর্মকার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের মুজিব সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দোলা কর্মকার ওই এলাকার স্বর্ণ ব্যবসায়ী রিপন কুমার কর্মকার ভুটানের মেয়ে ও সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত বা মামলা কোনোটিই হয়নি।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম উদ্দিন বলেন, ‘স্কুলছাত্রী দোলার টাঙ্গাইলের এক ছেলের সঙ্গে সম্প্রতি বিয়ে ঠিক হয়েছে। ছেলেটি মেডিক্যাল কলেজের ছাত্র বলে জানা গেছে। রাতে বাড়ির ছাদে উঠে কার্নিশে বসে মেয়েটি তার হবু বরের সঙ্গে কথা বলছিল। এ সময় হঠাৎ পা পিছলে পড়ে যান দোলা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’







