আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পথসভা হবে নাটোরে। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ভিড় করছেন শহরে। পথসভার আগেই যানবাহনের চাপে নাটোর শহরে তীব্র যানজট দেখা দিয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই শহরের কানাইখালী, মাদ্রাসা মোড় স্টেশন বড়গাছা তেবাড়িয়া, বড় হরিশপুরসহ নাটোর-বগুড়া, নাটোর-রাজশাহী এবং নাটোর-ঢাকা মহাসড়কে যানজট দেখা যায়।
শত শত বাস, লেগুনা সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা ভ্যান এবং রিকশায় করে জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা যোগ দিতে আসছেন পথসভায়। এর বাইরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও যানবাহনে করে পথসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রাস্তায় রয়েছে।
দুপুর ১টার দিকে নাটোর রেলস্টেশনের ২ নং প্ল্যাটফর্মে ওবায়দুল কাদেরের পথসভা অনুষ্ঠিত হবে। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা মন্ত্রীর সঙ্গে থাকবেন বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওবায়দুল কাদের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেল স্টেশনগুলোতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।







