আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় কোনও ধরনের বাধা সৃষ্টি করবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে এই আইন করা হয়েছে। এটি সাংবাদিকদের বিরুদ্ধে কোনও আইন নয় এবং সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করার আইনও নয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দিনাজপুর আদালত প্রাঙ্গণে নবনির্মিত চিফ জুডিশিয়াল আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল প্রমুখ।
তিনি আরও বলেন, ‘এডিটরস কাউন্সিলের সঙ্গে আলোচনার ফলে আইনটি সংশোধনীর সিদ্ধান্ত হয়নি। পাস করা আইনের কয়েকটি ধারার ব্যাপারে মন্ত্রী পরিষদে আলোচনা হবে। পরে সেখানকার দিকনির্দেশনা অনুযায়ী এডিটরস কাউন্সিলের সঙ্গে আলোচনা করা হবে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলার জট সমাধানে বিচারক ও বিচারকার্য পরিচালনার জন্য সংশ্লিষ্ট জনবল নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
পরে তিনি জেলা আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে সকালে আইনমন্ত্রী দিনাজপুর গোরা শহীদ বড় ময়দানে উন্নয়ন মেলা উদ্বোধন করেন। এ সময় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দায়ের করা মামলার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।








