সারাদেশের মতো মৌলভীবাজারেও রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পরিবহন শ্রমিকদের কর্মবিরতির চলছে। আট দফা দাবির ভিত্তিতে পালিত এ কর্মবিরতির ফলে মৌলভীবাজার জেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে মৌলভীবাজার বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি।
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি ও সিলেট বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সনজিত কুমার দেব বাংলা ট্রিবিউনকে মোবাইল ফোনে বলেন,‘৮ দফা দাবি আদায়ের লক্ষ্যেই এ কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলছে। সোমবার পর্যন্ত এই কর্মবিরতি চলবে। কর্মবিরতির ফলে মৌলভীবাজার তথা সিলেটের সব রুটেই বাস চলাচল বন্ধ থাকবে। সরকার যদি এর ভেতরে কোনো আশ্বাস দেয় তাহলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিব, না হইলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
পরিবহন ধর্মঘটের কারণে মৌলভীবাজারের রাস্তায় মানুষের দুর্ভোগের অন্ত ছিল না। পাশাপাশি সিএনজি অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। এ কারণে মানুষের দুর্ভোগের মাত্রা আরও বেড়ে গেছে। এদিকে রিকশা ও ব্যক্তিগত যানবাহন নিয়ে মানুষকে তার প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।
সাধারণ মানুষরা বলছেন,‘কয়দিন পর পর পরিবহন শ্রমিকরা নানা অজুহাতে সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট ও কর্মবিরতি পালন করে। এর ফলে চরম দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
জানতে চাইলে মৌলভীবাজারের ট্রাফিক ইন্সপেক্টর মো.সালাউদ্দিন কাজল বাংলা ট্রিবিউনকে বলেন,‘প্রাইভেট কার চলছে। কিন্তু কর্মাশিয়াল গাড়িগুলো বন্ধ রয়েছে। বিশেষ করে যারা রেজিস্টার্ড শ্রমিক বা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত তারা গাড়ি চালাচ্ছে না। দূরপাল্লার গাড়িও বন্ধ রয়েছে।’
প্রসঙ্গত: সড়ক পরিবহন আইন-২০১৮ এর কয়েকটি ধারাকে শ্রমিকদের ‘স্বার্থবিরোধী’ উল্লেখ করে আন্দোলন করছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন।
তাদের দাবি, শ্রমিকদের ‘স্বার্থবিরোধী’ ধারাগুলো বাতিল করতে হবে। তারই আলোকে ৮ দফা দাবি মানতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে পরিবহন শ্রমিক ফেডারেশন।







