কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার ঘটনায় নির্বাচন স্থগিত করে চট্টগ্রাম-৮ আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নগর বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আবু সুফিয়ান বলেন, ‘নৌকার সমর্থকরা আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কারচুপি করছে। ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আমাদের কর্মী সমর্থকদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তাদের হামলায় আমাদের ৫০ নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এজেন্ট বের করে দিয়ে নৌকার সমর্থকদের কেন্দ্র দখলের ঘটনায় সকাল থেকে আমরা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করে আসছি। কিন্তু তারা এ বিষয়ে তেমন কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। তাই আমরা নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’








