যশোরের শার্শা থানার মাদক (ফেনসিডিল) মামলায় দুই ভাইকে যাবজ্জীবন সশ্রম কারা ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। রবিবার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো.শরীফ হোসেন হায়দার এ সাজা দিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, যশোরের শার্শা উপজেলার মেঠোপাড়া এলাকার নূর ইসলামের দুই ছেলে শিপন হোসেন ও জামাল হোসেন। এর মধ্যে শিপন পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, যশোরের গোয়েন্দা পুলিশ গোপন সংবাদে জানতে পারে শার্শার মেঠোপাড়ার শিপন ও জামাল ভারত থেকে কোডিন মিশ্রিত ফেনসিডিল মজুদ করছে। ২০১২ সালের ১১ আগস্ট পুলিশ আসামিদের বাড়িতে অভিযান চালালে শিপন ও জামাল পালিয়ে যায়। এসময় শিপনের ঘর তল্লাশি করে ৭৫ বোতল ফেনসিডিল ও ৪০০টি ফেনসিডিলের বোতলের কর্ক উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই ইউনুছ আলী বাদী হয়ে দুই ভাইকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় ২১ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মুন্সি আবু কুদ্দুস।
মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আরও পড়ুন:
নিজের পিস্তলের গুলিতে মারা গেলেন আ.লীগ নেতা টুকু
/এআর/








