ঝালকাঠি সদর উপজেলায় আব্দুস সালাম হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল করিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন মকরমপুর গ্রামের আব্দুল গনির ছেলে আলমগীর হোসেন হাওলাদার, কামাল হোসেন হাওলাদার ও মিরন ওরফে ভুলু হাওলাদার।
আদালত সূত্রে জানা যায়, আসামিদের প্রতিবেশী আব্দুস ছালাম দীর্ঘদিন বিদেশে চাকরি করার পর গ্রামের বাড়িতে এসে কৃষিকাজ এবং লেবুর বাগান করেন। ওই বাগান থেকে আসামির পরিবারের লোকজন প্রায়ই লেবু চুরি করতেন। আসামিদের চোর বলায় ক্ষিপ্ত হয়ে তারা ২০০৯ সালে ১৬ জুন আব্দুস ছালামকে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ভাইয়ের ছেলে শিপন হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেন।
আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
সরকার পক্ষে পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল ও আসামিদের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ শিকদার মামলাটি পরিচালনা করেন।
আরও পড়ুন:
গ্রেনেড বিস্ফোরণে দুই জঙ্গি নিহতের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গ্রেফতারকৃতরা
/বিটি/এএইচ/







