সিরাজগঞ্জের বেলকুচিতে রোহেল হোসেন (২৮) নামে এক তাঁত শ্রমিককে গলা কেটে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের গাবগাছি গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রোহেল একই ইউনিয়নের চন্দনগাঁতী পশ্চিমপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বেলকুচি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাইফুল ইসলাম (তালা মার্কা) নামে এক প্রার্থীকে সমর্থন দেন ওই ওয়ার্ডের সাবেক মেম্বার রুহুল আমিন। তিনি রোহেলকে সাইফুলের পক্ষে কাজ করার জন্য বার বার অনুরোধ করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। নির্বাচনে সাইফুল হেরে যাওয়ার পর রুহুল মেম্বরের লোকজন ওই উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইকবালের বাড়ি ভাংচুর করে। ওই ঘটনায় রোহেল প্রতিবাদ করেন। এলাকাবাসীর ধারণা ওই দ্বন্দ্বের জের ধরে রোহেলকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে রুহুল আমীন গা ঢাকা দিয়েছেন।
আরও পড়তে পারেন : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, তাঁত শ্রমিক রোহেল রবিবার রাত ৯টা পর্যন্ত নিজ বাড়িতেই ছিলেন। এরপর কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করেছে। গাবগাছি গ্রামের একটি ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো পাঠিয়েছে। ঘটনার পর পুলিশ ও র্যাব কর্মকর্তরা ওই এলাকা পরিদর্শন করেছে। মামলা করার প্রস্তুতি চলছে।
/জেবি/







