সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অবকাঠামো নির্মাণসহ শিক্ষা কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে নাসিম বলেন, রবীন্দ্রনাথকে ভালোবেসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বার বার শাহজাদপুরের এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহজাদপুরে গতবছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ইতোমধ্যে এ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প একনেক সভায় পাসসহ সংসদেও অনুমতি দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ একাডেমিক কার্যক্রম শুরু এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। বর্তমান সরকারের আমলেই সবকিছু শুরু হবে।
শেখ হাসিনার সরকার বার বার দরকার উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সরকারগুলো দীর্ঘস্থায়ী ছিল বলেই দেশগুলো এখন উন্নত। বাংলাদেশেও এমন দীর্ঘস্থায়ী সরকার থাকলে এদেশও উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে বলেই দেশে উন্নয়ন কাজ হচ্ছে। নির্বাচন না হলে দেশে এখন সামরিক শাসন থাকত।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, আমজাদ হোসেন মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল খালেকসহ প্রমুখ।
বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, রবীন্দ্র আলোচনাসহ বিভিন্ন আয়োজন। আগামীকাল সোমবার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
/এমও/এএইচ/








