বগুড়ার শাজাহানপুরে অস্ত্র মামলার আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীন প্রকাশ্যে খরনা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, ওই সময় পুলিশ সেখানে ছিল না।
জানা গেছে, শাজাহানপুর থানা পুলিশ গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার উমরদীঘি স্ট্যান্ডে ভিপি শাহীনের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও তার ব্যক্তিগত অফিস থেকে ১১টি তাজা ককটেল, একটি বিদেশি চাকু এবং ৩৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরদিন পুলিশ তাকে ও তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে। মামলা দুটি তদন্তনাধীন রয়েছে।
আসামি ভিপি শাহীন তার জামিন সংক্রান্ত কোনও কাগজ থানায় জমা দেননি। এ অবস্থায় সোমবার বিকালে তিনি রিটার্নিং অফিসারের কাছে খরনা ইউনিয়নে চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র জমা দেন।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, ভিপি শাহীন আদালত থেকে জামিন নিয়েছেন কিনা সে ব্যাপারে তার কাছে কোনও কাগজপত্র জমা দেওয়া হয়নি।
শাজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের জানান, কারও নামে মামলা থাকতেই পারে। জামিনে না থাকলে বিষয়টি থানা দেখবে।
আরও পড়ুন: নরসিংদীতে সহপাঠীদের হাতে স্কুলছাত্র খুন
/এআর/টিএন/








