র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নাটোরে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাব থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মো. কামাল মৃধা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) আনোয়ার সাদাত। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর মিডিয়া হাউজের কর্ণধার সাংবাদিক আল মামুন, হালিম খান, গোলাম মোস্তফা, নাজমূল হাসান ও পরিতোষ অধিকারী।
বক্তারা দাবি করেন, যাত্রা শুরু থেকেই বাংলা ট্রিবিউন বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সংবাদ পরিবেশন করে শুধুমাত্র বাংলাদেশের উন্নয়নেই ভূমিকা রাখছে না বরং দেশের বাইরের পাঠকদের মাঝেও নিজেদের স্থান করে নিয়েছে। দেশের অন্যান্য অনলাইনের সংবাদ পরিবেশনের ধারা থেকে নিজেদের ব্যাতিক্রমি সংবাদ পরিবেশনের পাশাপাশি, ইন্টারভিউ, ছোট গল্প, বিশেষ ফিচার, জরিপ ইত্যাদি প্রকাশ করে বাংলা ট্রিবিউন সাধারণ পাঠকদের হৃদয় জয় করেছে।
দেশের অন্যান্য অনলাইন যে কোন ঘটনা সাদামাটাভাবে প্রকাশ করলেও বাংলা ট্রিবিউন খবরের পেছনের খবর প্রকাশ করে পাঠকদের অধিক আগ্রহী করে তুলেছে। বাংলা ট্রিবিউনের এমন ব্যাতিক্রমী চিন্তা-চেতনা ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সংবাদ পরিবেশনের গতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে আশা করে বক্তারা বাংলা ট্রিবিউনের প্রকাশক, সম্পাদকসহ সংশ্লিষ্ট মিডিয়ার সকল সাংবাদিক ও কলা-কুশলীদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
আলোচনা শেষে আগত অতিথিবৃন্দ বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ করতালির মাধ্যমে বাংলা ট্রিবিউনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
/এইচকে/







