চিকিৎসার নামে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজশাহীর মেডিসন ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক এ এস এম কামরুল হুদাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইফতেখায়ের আলম জানান, সোমবার বিকেলে মেডিসন ডায়াগনস্টিক থেকেই কামরুল হুদাকে আটক করা হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে এই আদালত পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের অভিযোগে মেডিসন ডায়াগনস্টিক সেন্টারকে আরও ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও রাজশাহী মহানগর পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে জানান, এমবিবিএস ডিগ্রিধারী হলেও ওই চিকিৎসক নিজেকে নার্ভ, ব্রেন ও লিভার বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। এছাড়া তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে পাস করলেও অন্যসব বিষয়ে ভুয়া কার্ড ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করতেন। জরিমানা করে অঙ্গীকারনামা লিখে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে ফের প্রতারণার আশ্রয় নিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও ম্যাজিস্ট্রেট।
আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেফতার
/এমও/








