রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম আবুল কালাম (৪০)। বিজিবি বলছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, বিএসএফ-এর গুলিতেই কালাম নিহত হয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে কালাম আরও কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে সীমান্তে গরু আনতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে কালাম গুলিবিদ্ধ হন। পরে অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। শুক্রবার ভোরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তবে বিএসএফ’র গুলিতে কালাম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি বিজিবি। বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ দাবি করেন, কালামের মাথায় চাপাতি অথবা কুড়ালের কোপ রয়েছে। পূর্ব বিরোধের জেরে কেউ তাকে কুপিয়ে কাঁটাতারের পাশে সীমান্ত এলাকায় ফেলে রেখেছিল, যেন বিষয়টি ভিন্নখাতে মোড় নেয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, ভারতীয় সীমান্ত থেকে আবুল কালামের বাড়ি প্রায় আধা কিলোমিটার দূরে। তিনি সীমান্ত পেরিয়ে গরু আনা-নেওয়া করতেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অন্যদের সঙ্গে সীমান্তে গরু আনতে যান তিনি। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হন আবুল কালাম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক বলেন, মাথায় গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে চিকিৎসক জানিয়েছেন, গুলিতেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে নেওয়া হয়।
আরও পড়ুন: র্যাবের নিখোঁজ তালিকায় ঝিনাইদহের প্রতিবন্ধী, প্রবাসী ও নিহতদের নাম
/এসটি/








