বগুড়া সদরের পীরগাছায় মন্দিরের পুরোহিতকে জঙ্গি সংগঠন আইএসের নামে দু’দফা চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ায় জড়িত সন্দেহে এক কলেজছাত্রকে আটক করা হয়েছে। শনিবার সকালে মন্দিরের পাশ থেকে আশরাফুল ইসলাম নামে ওই কলেজছাত্রকে স্থানীয়রা আটক করেন। পরে তাকে সদর থানা পুলিশে দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, হুমকির চিঠি দুটি দু’জনের হাতে লেখা। এর পিছনে অন্য কোনও ঘটনা আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। সদর থানার এসআই আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আবদুর রাজ্জাক জানান, শনিবার সকালে জঙ্গি সংগঠন আইএসের নামে ফের হত্যার হুমকি দেওয়া একটি চিঠি মন্দিরে পাওয়া যায়। এসময় মন্দিরের পাশে ঘোরাফেরার সময় স্থানীয়রা চিঠিদাতা সন্দেহে আশরাফুল ইসলাম নামে এক যুবককে আটক করে। আটক আশরাফুল বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া উজগ্রামের কাবেজ উদ্দিনের ছেলে এবং সরকারি আজিজুল হক কলেজের ছাত্র।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, পুরোহিতের নামে আসা দুটি চিঠি হাতে লেখা হলেও লেখাগুলো ওই ছাত্রের নয়। তারপরও এ ব্যাপারে তদন্ত চলছে। বিকাল পর্যন্ত ছাত্র আশরাফুল ইসলামকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল। আটক যুবক ওই চিঠি দেওয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করছেন।
অভিযোগে জানা গেছে, গত বুধবার ডাকযোগে বগুড়া সদরের পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিব মন্দিরের পুরোহিত মৃণাল কান্তি ভাদুরীর কাছে একটি চিঠি আসে। হাতে লেখা ওই চিঠিতে আইএস ছাত্র সংগঠনের নামে পুরোহিত ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়। তখন মন্দির কমিটির সভাপতি নিখিলেশ চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র সরকার বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
পরে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আকতার জাহান এবং সদর থানার ওসি আবুল বাশার মন্দির পরিদর্শন করেন। তারা পুরোহিতের নিরাপত্তার জন্য পুলিশি পাহারা জোরদারের নির্দেশ দেন।
/এমও/
আপ: এইচকে








