বগুড়ার ধুনটের চরকাদহ সেতুর ওপর বৃহস্পতিবার গভীর রাতে যাত্রীবেশী দুর্বৃত্তরা আবুল হোসেন (৪৫) নামে চালককে কুপিয়ে তার চার্জার ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই করেছে। ধুনট থানার ওসি মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে বলে জানা যায়। শুক্রবার দুপুর পর্যন্ত এ নিয়ে কোনও মামলা হয়নি বলে ওসি জানান।
জানা গেছে, ধুনটের চরধুনট গ্রামের আবুল হোসেন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার রাতে ৪ জন দুর্বৃত্ত যাত্রীবেশে ধুনট থেকে গোঁসাইবাড়ি যাবার নামে তার ভ্যান রিজার্ভ করে। রাত ২টার দিকে ভ্যানটি ধুনট-গোসাইবাড়ি সড়কের চরকাদহ সেতুর উপর পৌঁছলে যাত্রীরা স্বমূর্তি ধারণ করে।
পথচারীরা তার আর্ত্মনাদ শুনতে পেরে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আবাসিক চিকিৎসক ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি জানান, ঘটনাস্থলটি পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মধ্যে। ওই থানা পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
/এইচকে/








