ট্রাকের ধাক্কায় রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) উপপরিদর্শক (এসআই) এবিএম আজাহার আলী (৪২) মারা গেছেন।
রবিবার বিকেলে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
আজাহার আলী রাজশাহীর বাগমারা উপজেলা ধানশীপাড়া গ্রামের মৃত ওহাদ আলীর ছেলে।
ইফতে খায়ের আলম জানান, রবিবার সকালে এসআই আজাহার আলী মোটরসাইকেল নিয়ে নগরীর কাশিয়াডাঙা এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। এসময় একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপুরে ময়নাতদন্ত শেষে আরআরএফের মাধ্যমে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মামলা দায়ের প্রক্রিয়া চলছে। চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
/এইচকে/








