পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে ছামিরন বেওয়া (১০০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার পুত্রবধূ রেশমা খাতুন (২৫)। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোরে প্রাকৃতিক কাজ সারতে শাশুড়ি ছামিরনকে নিয়ে বাইরে বের হন পুত্রবধূ রেশমা। টয়লেটে যাওয়ার পথে তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকারে বাড়ির লোকজন এসে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ছামিরনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বলরামপুর গ্রাম ও পার্শ্ববর্তী চর বলরামপুর গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই জের ধরে এই হামলা হয়েছে বলে তাদের ধারণা।
পাবনা সদর (সার্কেল) এএসপি সেলিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত ছাত্রী লাইফ সাপোর্টে
/বিটি/








