রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির মৃত্যুর ঘটনার তদন্ত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটি’ পুনর্গঠন শেষে কমিটিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সদস্য মামুন আব্দুল কাইয়ুম জানান, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০১০ এর আলোকে শনিবার সিন্ডিকেটে সাত সদস্যের এ কমিটি পুনর্গঠন করা হয়। এতে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সেলিনা পারভীনকে সভাপতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসী সহলকে সদস্য সচিব করা হয়। শিক্ষক জলির মৃত্যুর ঘটনার তদন্তভার এ কমিটিকে দেওয়া হয়।
৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে শিক্ষক জলির লাশ উদ্ধার করা হয়। ওই দিন তার কক্ষ থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করে পুলিশ। পরে জলির ছোটভাই কামরুল হাসান বাদী হয়ে নগরীর মতিহার থানায় আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেন।
/এমডিপি/এসটি/








