২ লাখ টাকা চাঁদার দাবিতে নাটোরে অপহৃত যুবক শরীফ প্রামানিককে (১৮) উদ্ধার করেছে র্যাব। র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার এএসপি মিজানুর রহমান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। বুধবার সকালে সাংবাদিকদের সামনে উদ্ধারকৃত শরীফ ও অপহরণকারীদের হাজির করে র্যাব।
অপহৃত শরীফ শহরের শতপল্লী আদর্শ গ্রামের মৃত আসাদ প্রামানিকের ছেলে।
আটককৃতরা হচ্ছে, শহরের মল্লিকহাটি এলাকার আলী হোসেনের ছেলে আমিনুল ইসলাম (১৯), হয়রত আলীর ছেলে ইমরান আলী ওরফে লিখন (১৯), ডোমপাড়া মাঠ এলাকার বাচ্চু শেখের ছেলে আরিফ শেখ (১৯), কালুর মোড় এলাকার শহীদ ব্যাপারীর ছেলে অন্তর ব্যাপারী (১৯), মহিল্লকহাটি এলাকার বিমল দাসের ছেলে সজল দাস (১৮), উত্তর চৌকিরপার এলাকার শাহজাহান ব্যাপারীর ছেলে জনি ব্যাপারি (১৯), নলডাঙ্গা উপজেলার বাঁশিলা কাচারিপাড়া এলাকার শাহাদৎ হোসেনের ছেলে শওকত আল শান্টু (৩৩) ও ঠাকুর লক্ষীকুল এলাকার আজহারুল হক পাটোয়ারীরর ছেলে আবু বক্কর পাটোয়ারী (৩০)।
আট অপহরণকারীকে আটক ও তাদের কাছ থেকে দুটি চাকু, দুটি হাসুয়া, দুটি মোটরসাইকেল, ৯টি মোবাইল সেট, ১২টি সিম কার্ড, ৪টি লোহার রড, ২৩পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার এএসপি মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের বঙ্গোজ্জ্বল এলাকায় নিজ বাড়ি থেকে শরীফ প্রামানিক বের হলে অপহরণ চক্রের ১০/১২জন সদস্য তার মুখ বেধে একই এলাকার ’বাগানবাড়ি’তে নিয়ে যায়। পরে অপহরণকারীরা শরিফের বড় ভাই সিহাব প্রামানিকের কাছে মুক্তিপন হিসেবে ২লাখ টাকা দাবী করে।
এ সময় সিহাব ৮ হাজার দিয়ে ভাইকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তাকেও মারপিট করে অপহরণকারীরা। পরে বিষয়টি র্যাবকে জানালে রাত ৯টার দিকে শরীফ প্রামানিককে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী দলের ৮সদস্যকে আটক করে র্যাব।
বুধবার বিকেলে নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আসামীদের কোর্টে চালান দেওয়া হবে।
/এইচকে/







