পাবনায় নিখোঁজের ২০ দিন পর অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে র্যাব। বুধবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার জয়নগর লিচুবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- পাবনার হেমায়েতপুর এলাকার ফয়সাল, আলম, জয়নগর এলাকার শাহজাহান আলী, শান্ত ও রাজু আহমেদ।
বুধবার দুপুর ১টার দিকে এক প্রেস বিফ্রিংয়ে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বীনা রানী দাস জানান, ২২ অক্টোবর রাতে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর গ্রামের লুনু মোল্লার ছেলে শান্ত মোল্লাকে নিজ বাড়ি থেকে যাত্রী বেশে মোবাইলে অটোরিকশা ভাড়া নেওয়ার কথা বলে দাশুড়িয়ায় ডেকে নিয়ে যায় অজ্ঞাতরা। তারপর থেকেই নিঁখাজ ছিল শান্ত। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে পাবনা র্যাব ক্যাম্পে অভিযোগ দিলে র্যাব তদন্ত শুরু করে। পরে বুধবার দুপুর ১২টার দিকে জয়নগর লিচু বাগান থেকে শান্তর লাশ উদ্ধার করে র্যাব সদস্যরা।
তিনি আরও জানান, ছলিমপুর এলাকার রাজুসহ কয়েকজন অটোরিকশাটি ছিনতাই করে ১৬ হাজার টাকায় হেমায়েতপুরের ফয়সালের কাছে বিক্রি করে। পরে ফয়সাল ওই অটোরিকশার বিভিন্ন পার্টস খুলে আলমের কাছে ২৬ হাজার টাকায় বিক্রি করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এআর/







