শান্তি ও উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আলোকিত হয়েছে।’
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইলে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নব নির্মিত ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও বিদ্যুৎ সব ক্ষেত্রেই যখন দেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে জঙ্গি-সন্ত্রাস শুরু করেছিল। কিন্তু শেখ হাসিনার আহ্বানে ও দূরদর্শী নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাত্র ২ মাসের ব্যবধানে জঙ্গি দমন করা হয়েছে।’
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কোনও অন্যায় ও দুর্নীতি সহ্য করা হবে না বলে মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রযেছে। কোনও অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’
সমাবেশে সভাপত্বি করেন সিরাজগঞ্জ পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহীন হাসান। সমাবেশে পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মাদ ওয়াহিদ হোসেন এনডিসি, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, সিভিল সার্জন ডা. শেখ মঞ্জুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিয়া,কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
/এমডিপি/








