রাজশাহী নগরীর ডিঙাডোবা খ্রিস্টানপাড়া এলাকার জর্জ নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় তার ওপর হামলা করে কয়েকজন দুর্বৃত্ত। হামলায় গুরুতর আহত জর্জ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৪০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
জর্জের মা ফজিলা বলেন, সন্ধ্যার দিকে অপরিচিত একজন যুবক ঘরের বাইরে ডেকে নিয়ে গিয়ে কয়েকজন দুর্বৃত্ত মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে আহতবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪০ নম্বর ওয়ার্ডের নার্স মেরী হেমব্রম বলেন, হামলার কারণে জর্জের শরীরের ৩০টির মতো সেলাই পড়েছে। তার অবস্থা গুরুতর।
খ্রিস্টানপাড়ার কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন, নগরীর ভাটাপাড়া রেললাইনের ধারে বসবাসরত আকাশ নামের এক ব্যক্তি কয়েকজন যুবকসহ ডিঙাডোবায় প্রতিদিন রাতে মদ্যপান করতে যায়। মদ খেয়ে ফেরার পথে তারা খ্রিস্টানপাড়ার প্রতিটি বাড়ির মানুষদেরক অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। সবাইকে খ্রিস্টানপাড়া থেকে উচ্ছেদ করা হবে বলেও হুমকি দেয় তারা। এর প্রতিবাদ করায় জর্জের ওপর এই হামলা হয়েছে।
রাজপাড়া থানার এসআই এনামুল হক বলেন, ঘটনার পরপর স্পটে গিয়েছিলাম।সেখানে তেমন কিছু পাওয়া যায়নি। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা হামলা করেছে তথ্য দেওয়া হলে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে পুলিশ হামলাকারীদের আটক করবে।
/এআর/








