রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেফতার একই বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
আতিকুর রহমানের আইনজীবী আসলাম সরকার জানান, গত ৬ ডিসেম্বর হাইকোর্টে শুনানি শেষে আদালত তাকে জামিনের আদেশ দেন। রবিবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে গত ৫ নভেম্বর শিক্ষক আকতার জাহান আত্মহত্যা প্ররোচনা মামলায় আতিকুর রহমানকে গ্রেফতার দেখায় পুলিশ। সে সময় পুলিশ দাবি করে, ‘আকতার জাহানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আকতার জাহানের মৃত্যুর ঘটনায় তার সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আতিকুর রহমান চাইলেই তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারতেন।’
এছাড়া গ্রেফতার থাকায় গত ২৯ নভেম্বর সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় থেকে আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার কক্ষ থেকে ‘সুইসাইড নোট’ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অজ্ঞাতনামাদের নামে নগরীর মতিহার থানায় মামলা করেন আকতার জাহানের ছোট ভাই কামরুল হাসান।
আরও পড়ুন:
‘ঘরে আগুন দিয়ে সাঁওতাল উচ্ছেদ করতে পুলিশকে বলা হয়নি’
/বিটি/







