পাবনায় এক স্কুলছাত্রীকে তার প্রেমিক ও বন্ধুরা মিলে গণধর্ষণ করেছে। রবিবার রাতে শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় ওই স্কুলছাত্রীর প্রেমিকসহ দুজনকে গ্রেফতার করেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান,বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,সদর উপজেলার চরমাধপুর গ্রামের আলামীন (১৮) ও একই গ্রামের সাগর (১৬) এবং কলাবাগান এলাকার শান্ত (১৬)।
ওসি আব্দুর রাজ্জাক জানান,রবিবার বিকেলে সদর উপজেলার ওই স্কুলছাত্রীকে (১৬) তার প্রেমিক আলামীন বেড়ানোর কথা বলে শহরের কলাবাগান এলাকার মনোয়ারুল ইসলামের বাড়িতে ডেকে আনে। এ সময় ওই বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিল আলামীনের দুই বন্ধু শান্ত ও সাগর। এরপর তিনজন মিলে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিলে অস্ত্রের মুখে তারা ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে সোমবার ওই স্কুলছাত্রীর বাবা আতিকুর রহমান বাদী হয়ে পাবনা সদর থানায় তিন জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীর প্রেমিক ও তার দুই বন্ধুকে গ্রেফতার করেছে।
ওই স্কুলছাত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি আব্দুর রাজ্জাক।
/এমডিপি/







