বগুড়ার কাহালু উপজেলার শহরগাড়ি পাল্লাপাড়া এলাকায় শনিবার সকালে মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় মোজাফফর হোসেন (৫৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ চালক ফারুক হোসেনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে মোজাফফর হোসেন পেশায় পল্লী চিকিৎসক। তিনি কাহালুর মালঞ্চার শহরগাড়ি পাল্লাপাড়া গ্রামে মেয়ে জামাই শহিদুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। শনিবার বেলা ১১টার দিকে তিনি জামাই বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। কাহালু-মালঞ্চা সড়কে আসার পর একই মাটিবোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন মারা যান।
এসময় বিক্ষুব্ধ জনতা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে কাহালু থানার পুলিশ সেখানে গিয়ে চালক ফারুক হোসেনকে গ্রেফতার ও ট্রাক জব্দ করে। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই-আলম সিদ্দিকী ট্রাকের ধাক্কায় পল্লী চিকিৎসকের নিহতের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, আটক ট্রাক চালক ফারুক কাহালুর সাগাটিয়া গ্রামের মৃত ইজার আলীর ছেলে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
/এমও/







