বগুড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নব্য জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমান্ডার আমিজুল ইসলাম ওরফে আল-আমিন ওরফে রনি (২৬) নিহত হয়েছে। বুধবার রাতে শেরপুর উপজেলার জামনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার কাছে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও দুট ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আমিজুল শেরপুরের মহিপুর জুয়ানপুর কুটিরভিটা গ্রামে গ্রেনেড বিস্ফোরণ মামলার সন্দেহভাজন আসামি ছিল বলে জানিয়েছ পুলিশ। রাজশাহী থেকে গ্রেফতারের সময় তার সঙ্গিদের ছুরিকাঘাতে ডিবি পুলিশের দুই কনস্টেবল গুরুতর আহত হন।
শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, জঙ্গি কমান্ডার আমিজুল রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বুজরুক রাজারামপুর গ্রামের বাসিন্দা। সে শেরপুরের জুয়ান কুটির ভিটা গ্রামে গ্রেনেড বিস্ফোরণ ও দুই জঙ্গি নিহতের ঘটনায় সন্দেহভাজন আসামি ছিল। বগুড়ার ডিবি পুলিশের একটি দল গত মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার ছুরিকাঘাতে ডিবি পুলিশের কনস্টেবল আবদুস সালাম পিপিএম ও কনস্টেবল ইসমাইল হোসেন গুরুতর আহত হন। তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, অস্ত্র উদ্ধার ও অন্য জঙ্গিদের গ্রেফতারে বগুড়ার ডিবি ও শেরপুর থানা পুলিশ জঙ্গি আমিজুলকে নিয়ে বুধবার দিন ও রাতে বগুড়া এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। রাতে তাকে নিয়ে রাজশাহী যাওয়া হচ্ছিল। রাত ৩টার দিকে সীমাবাড়ি-রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় পৌঁছালে সঙ্গিরা জঙ্গি আমিজুলকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। জানমাল রক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। এ সময় আমিজুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ওসি আরও জানান, ঘটনাস্থলে ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া গেছে। এ ব্যাপারে পৃথক মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে পুলিশের সুত্র জানিয়েছে, আমিজুল এক সময় শিবিরের রাজনীতি করতো। এক বছর আগে সে জেএমবিতে যোগ দেয়। সে মাঝে মাঝে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বুজরুক রাজারামপুর গ্রামে পালক বাবা আতাউর রহমানের বাড়িতে থাকতো। সেখানে জেএমবি সদস্যের গোপন বৈঠক ও প্রশিক্ষণ দেওয়া হতো। এলাকায় তার চলাফেরা ছিল সন্দেহজনক। দক্ষতার কারণে পরবর্তীতে তাকে জেএমবির সামরিক শাখার উরাঞ্চলীয় প্রধান করা হয়।
/এআর/








