বগুড়ার শেরপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে খালু এনতাজ আলীর (৩৭) বিরুদ্ধে জেলা দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। থানা পুলিশ মামলা না নেওয়ায় বুধবার বিকালে শিশুটির মা আদালতে মামলাটি করেন। বিচারক জেলা জজ বেগম মমতাজ পারভীন অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়া ইউনিটকে নির্দেশ দিয়েছেন।
এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ৪ ফেব্রুয়ারি শনিবার রাতে সুঘাট গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে এনতাজ আলী কৌশলে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এনতাজ আলী তার (বাদী) আপন ভগ্নিপতি। শেরপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশ অজ্ঞাত কারণে মামলা রেকর্ড না করে কালক্ষেপণ করতে থাকে। বাধ্য হয়ে শিশুটির মা বুধবার বিকালে বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসেন।
অ্যাডভোকেট মাহফুজ মণ্ডল জানান, মুহুরিরা চাঁদা তুলে হতদরিদ্র ওই নারীকে মামলা করতে সহযোগিতা করেন। আদালত শুনানি শেষে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে পিআইবি বগুড়া ইউনিটকে নির্দেশ দেন।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান আলী সাংবাদিকদের জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে পুলিশ দু’দফা তদন্ত করেছে। কিন্তু সত্যতা না পাওয়ায় মামলা রেকর্ড করা সম্ভব হয়নি।
/বিএল/
আরও পড়ুন:
কুমিল্লায় পুলিশের ওপর হামলাকারী জসিম-ই কি সেনা কর্মকর্তা কবিরের নিখোঁজ ছেলে অমি?







