সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী মানববন্ধনে অংশগ্রহণকারী ৩ স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সিরাজগঞ্জ জেনারেল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
অসুস্থ ছাত্রীরা হলো, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও শহীদগঞ্জ গ্রামের আবুল হোসেনের মেয়ে বর্ষা (১২), রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও একই এলাকার মিলনের মেয়ে কান্তা (১৩) এবং নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার বেলালের মেয়ে বিউটি (১৩)।
অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবক আয়েশা পারভীন ও মলি বেগম জানায়, দুর্নীতি বিরোধী মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তারা না খেয়ে সকাল ৭টার দিকে স্কুলে যায়। সকাল ১০টায় মানববন্ধন ও শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর পৌনে ১১ টার দিকে শেষ পর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়ে।
রহমতগঞ্জ গার্লস স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়িতে করে অসুস্থ তিন স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রোকন উদ্দিন আকাশ বলেন, ‘সকাল থেকে না খেয়ে রোদে দাঁড়িয়ে থাকায় ওই তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।’
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আকরামুজ্জামান বলেন, ‘শুক্রবার ছুটির দিন থাকায় বাড়িতে ছিলাম। উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং গং থেকে খবর পেয়ে জরুরি হাসাতালে এসে শিক্ষার্থীদের চিকিৎসা দেয়। তারা অনেকটাই শঙ্কা মুক্ত।
দুদক পাবনা অঞ্চলের উপ-পরিচালক (ডিডি) আবু বকর সিদ্দিকী বলেন, ‘এত বড় কর্মসূচি হাতে নেওয়া ঠিক হয়নি। মেয়েগুলো আগে থেকেই হয়তো অসুস্থ ছিল। তার ওপর দীর্ঘক্ষণ রৌদ্রে দাঁড়িয়ে থাকায় হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়ে। তবে তাৎক্ষনিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়ায় তেমন সমস্যা হয়নি।
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোররা অংশ নেয়।
/এমডিপি/







