মৌলভীবাজারের নাসিরপুর গ্রামে সপরিবারে আত্মঘাতী হওয়া জঙ্গি মোশারফ ওরফে সোহেল রানার নামে চাঁপাইনবাবগঞ্জেও নাশকতার মামলা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সেসান-১০/১১ মামলা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে সোহেলের আসল নাম লোকমান হোসেন। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ডাঙ্গাপাড়ায়।
ওই মামলা থেকে জানা যায়, ২০০৮ সালের ২৫ অক্টোবর শিবগঞ্জ উপজেলার কানসাট বিশ্বনাথপুর এলাকার জনৈক একরামের বাড়ি থেকে জিহাদি বইসহ রফিকুল ও হযরত আলী নামে দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই মামলায় চার্জশিটভুক্ত আসামি হিসেবে লোকমান আলীর নাম অন্তর্ভুক্ত হয়। তবে বরাবরই লোকমান এই মামলায় পলাতক ছিল।
এদিকে, শুরুতে সোহেলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া বলে গণমাধ্যমে প্রচারিত হলেও এলাকাবাসী তার বিষয়ে কোনও তথ্যই দিতে পারেনি।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান টিপু জানান, মৌলভীবাজারের নাসিরপুর গ্রামে আত্মঘাতী জঙ্গি মোশারফ ওরফে সোহেল রানার যে পরিচয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে সে বিষয়ে খোঁজ নিয়ে দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জের ওই ঠিকানায় এ নামের কোনও লোক পাওয়া যায়নি।
দিনাজপুর পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল রানার বাড়ি দিনাজপুরে। সে প্রায় ১০ বছর আগে বাড়ি ছাড়ে। সে একসময় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিল। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাও ছিল।
/বিএল/








