নাটোরে মুক্তিযোদ্ধা কমান্ডারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৭, ১৫:৪৪আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৫:৪৪

মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদ উন-নবী নাটোরের বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদ উন-নবীর (৬৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত নয়। এদিকে, তাকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন স্ত্রী সুফিয়া বেগম।

মুক্তিযোদ্ধার মৃতদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মর্মে একটি চিঠিও উদ্ধার করা হয়েছে।  তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মুক্তিযোদ্ধার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।

বাগাতিপাড়া মুক্তিযোদ্ধা অফিসের ডেপুটি কমান্ডার আজাদ হোসেন আকুল জানান, বৃহস্পতিবার সকালে অফিসের পিওন সাবেরা বেগম মোবাইল ফোনে তাকে জানান যে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ছাদে পতাকা ওঠাতে গিয়ে তিনি মুক্তিযোদ্ধা রশিদ উন নবীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এই কথা শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি এসি ল্যান্ড কর্মকর্তাকে জানান। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা অফিসের প্যাডে রশিদ উন-নবীর লেখা একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘তার মৃত্যুর জন্য মুক্তিযোদ্ধা সংসদের কেউ দায়ী নয়। মানসিক অশান্তি থেকে তিনি আত্মহত্যা করেছেন।’

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই এটা আত্মহত্যা না হত্যা তা বোঝা যাবে। এরপরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদ উন-নবীর স্ত্রী সুফিয়া বেগম জানান, প্রায় দুই বছর আগে তার স্বামী স্থানীয় নাসিমপুরে দ্বিতীয় বিয়ে করেন। বুধবার সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

তিনি বলেন, ‘আমি মনে করেছিলাম কমান্ডার হয়ত নাসিমপুরে রয়েছেন। সকালে কমান্ডারের মৃতদেহ উদ্ধারের বিষয়টি জানতে পারি।’

সুফিয়া বেগম দাবি করেন, ‘কমান্ডার আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যা করার মতো কোনও ঘটনাও তার জানা নেই। নিশ্চয়ই কেউ তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে।’ তিনি অনতিবিলম্বে হত্যাকারীকে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

রশিদ উন-নবীর ভাই জুলফিকার জানান, ‘বুধবার সকাল ৯টার দিকে তার সঙ্গে রশিদ উন নবীর দেখা হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি।’

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি তিনতলা বিশিষ্ট। এক তলায় রয়েছে একটি কেঁচি গেট। কেঁচি গেট খোলা থাকলে যে কেউ তিনতলা পর্যন্ত বিনা বাধায় উঠে যেতে পারে। তিন তলার দেওয়ালে গ্রিল লাগানো ছিল। সেই গ্রিলের সঙ্গেই রশিদ উন নবীর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কেউ রশিদ উন নবীকে হত্যা করে চিঠি লিখে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন মিজানুর।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মুক্তিযোদ্ধা অফিসের ডেপুটি কমান্ডার আজাদ হোসেন আকুল জানান, কমান্ডারের তিন ছেলের মধ্যে একজন বিদেশে আর বাকি দুইজন ঢাকায় থাকে। বাড়িতে স্ত্রী থাকেন। কিছুদিন আগে তিনি স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যান। তবে সম্প্রতি তার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় কমান্ডার নিজেও ভারতে চিকিৎসা নিতে যাবেন বলে প্রায়ই বলতেন।

তিনি আরও জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি অফিসে আসেন। দুপুর ২টার দিকে অফিসের পিওনসহ তারা তিনজন এক সঙ্গে অফিসে থেকে বের হন। বের হওয়ার পর তিনি সাইকেলে, পিওন অটোচার্জারে গেলেও কমান্ডার হেঁটে হেঁটে চলতে থাকেন। তবে কখন তিনি পুনরায় অফিসে এসেছিলেন তা তার জানা নেই।

আজাদ আরও বলেন, ‘আমার জানা মতে, কমান্ডারের কোনও শত্রু বা পারিবারিক অশান্তি ছিল না।’

এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, কমপ্লেক্স ভবনটির তিন সেট চাবি রয়েছে। একসেট কমান্ডারের কাছে, একসেট তার কাছে আর একসেট পিওনের কাছে থাকে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের