সিরাজগঞ্জে বিদ্যুৎ প্লান্টের ঠিকাদারি কাজে মালামাল সরবরাহের ভাগ-বাটোয়ারা নিয়ে সরকার দলীয় ৩ ইউপি সদস্য ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ পুনর্বাসন এলাকায় ইউপি সদস্য মাসুদ, সেলিম ও আজিজ মণ্ডল যমুনা চরাঞ্চলের সন্ত্রাসীদের ভাড়া করে এনে সংঘর্ষে লিপ্ত হন।
সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সদর থানা পুলিশ খবর পেয়ে বিপুল পরিমাণ পুলিশ নিয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। রাতভর অভিযান চালিয়ে পুলিশ ভাড়াটে সন্ত্রাসী রাজাপুর ইউনিয়নের বৈলগাছি গ্রামের জেলহক, মোতালেব ও মজনু এবং ইউপি সদস্য সেলিমসহ ১৪ জনকে আটক করেছে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করায় বুধবার সকালেও সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ প্লান্টের ঠিকাদারি কাজের ভাগ-বাটোয়ারা নিয়ে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ, সেলিম ও আজিজ মণ্ডল এবং তাদের সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরে থেমে থেমে সংঘর্ষ হচ্ছে। মঙ্গলবার রাতে তারা সন্ত্রাসীদের ভাড়া করে এনে এলাকায় আবারও সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় চেয়ারম্যান নবীদুল ইসলাম জানান, বিদ্যুৎ প্লান্টে ইট ও বালিসহ মালামাল সরবরাহ ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে কয়েকদিন থেকেই তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।
/এআর/







