জয়পুরহাটে বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে সবজি ক্ষেত

আলমগীর চৌধূরী, জয়পুরহাট
২৮ আগস্ট ২০১৭, ১৯:১৭আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৯:২২

জয়পুরহাটে বন্যার পানিতে সবজির ক্ষেত নষ্ট জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের মনঝার দীঘিপাড়া গ্রামের দরিদ্র কৃষক নুরুল ইসলাম। তিনি দেড় বিঘা জমি লিজ নিয়ে লাভের আশায় এবার লাউ চাষ করেছিলেন। গাছে অনেক লাউ ধরেছিল। আশা করেছিলেন এবার তার ৫০ থেকে ৬০ হাজার টাকার লাউ বিক্রি হবে এই ক্ষেত থেকে। কিন্তু তার সেই আশা আর পূরণ হয়নি। বন্যার পানিতে ডুবে তার ক্ষেতের সব লাউ গাছ মরে গেছে। শুধু তারই ক্ষেত নয়, এ অঞ্চলের আরও অনেক কৃষকের প্রায় দেড়শ’ বিঘা সবজি ক্ষেত বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে।

বন্যার পানিতে তলিয়ে যাওয়া সবজি ক্ষেত সরেজমিনে দেখতে গিয়ে সোমবার (২৮ আগস্ট) মনঝার দীঘিপাড়া মাঠে কৃষক নুরুল ইসলামের পাশাপাশি কথা হয় করলা চাষি আব্দুল লতিফের সঙ্গে। নষ্ট হওয়া ক্ষেতের মরা করলা গাছ অপসারণ নিয়ে ব্যস্ত সময় পার করার ফাঁকে তিনি জানান, এই মাঠে তিনিসহ এবার প্রায় দেড়শ’ বিঘা জমিতে করলা, চিচিংগা ও লাউ চাষ করেছিলেন স্থানীয় কৃষকরা। গত কয়েক বছর বন্যা না হওয়ায় এই অঞ্চলে সবজি চাষ বেড়ে যায়। কিন্তু এবারের বন্যায় তাদের সবজি ক্ষেত পানিতে ডুবে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

ওই মাঠের ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলী জানান, সবজি রোপণের পর যেই মুহূর্তে ফসল উঠতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে বন্যায় তাদের সব ফসল তলিয়ে গেছে। বন্যা তাদের মুখের আহার কেড়ে নিয়েছে।

জালিয়াপাড়া গ্রামের করলা চাষি মনিরুল ইসলাম বলেন, আমি ৮ শতক জমিতে করলা চাষ করেছি। এতে আমার ৩-৪ হাজার টাকা খরচ হলেও বন্যার কারণে ক্ষেত ডুবে যাওয়ায় লোকসান হয়েছে অন্তত ৫০ হাজার টাকা।

কৃষক বাবলু মণ্ডল বলেন, আমার মতো এই গ্রামের আফসের, তসকিন, মন্তেজার ও আন্তাজসহ অন্তত ১৫-১৬ জন কৃষকের সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে ।

জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার সবজি ব্যবসায়ী মো. মিঠু মিয়া বলেন, ‘বন্যার কারণে হাটে সবজি আমদানি কমে গেছে। আমদানি কমে যাওয়া দামও বেড়ে গেছে। আগে যেখানে প্রতি হাটে ৬ থেকে ৮ ট্রাক সবজি আমদানি হতো, এখন সেখানে দুই ট্রাক সবজি পাওয়া যাচ্ছে না।’

ওই হাটের কাঁচামালের আড়ৎদার দেলোয়ার হোসেন বলেন, ‘এ সময়ে বাজারে নতুন সবজির আমদানির কারণে দাম সহনীয় পর্যায়ে থাকার কথা। কিন্তু বন্যার কারণে সবজি ফসল তলিয়ে যাওয়ায় ১০ টাকার বেগুন ৫৬ টাকায়, ১৫ টাকার পটল ৪০ টাকায় আর ২০ টাকার করলা ৬০ টাকা কেজিতে বর্তমান বাজারে বিক্রি হচ্ছে।’
সবজিতে লাভ বেশি হওয়ায় গত কয়েক বছর থেকে এই জেলার কৃষকরা সবজি চাষে বেশি ঝুঁকছেন। অনুসন্ধানে জানা গেছে, ধান ও আলুসহ নিয়মিত অন্যান্য ফসলের চেয়ে সবজিতে লাভের পরিমাণ অনেক বেশি। ধান বা অন্যান্য ফসলে যেখানে বিঘা প্রতি লাভ হয় হাতে গোনা কিছু টাকা, সেখানে সবজিতে বিঘা প্রতি লাভের পরিমাণ কয়েক গুণ। ফলে জেলায় এক সময় যেসব জমিতে ধান ছাড়া কৃষকরা অন্য ফসল ফলাতো না, এখন সেই সব জমিতে কৃষকরা চাষ করছেন করলা,বেগুন, চিচিংগা,শশাসহ বিভিন্ন সবজি।

জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায় বলেন,‘জেলায় এবার সবজি চাষ হয়েছে ৪ হাজার ২১০ হেক্টর জমিতে। যার মধ্যে বন্যায় ৫৯৫ হেক্টর সবজি ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।’

 

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ