‘বেশি বেশি তাল গাছ লাগান, বজ্রপাতে প্রাণহানি কমান’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুই লাখ তাল গাছের বীজ রোপণ করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.মাহমুদুল হাসান। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বার-রশিয়া স্কুলের রাস্তার দুই ধারে প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে এই তাল গাছের বীজ রোপণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আমিনুজ্জামানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
পরে উদ্বোধনী শেষে স্থানীয় প্রশাসনের আয়োজনে বাররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, ‘দূর্যোগকালীন সময়ে বজ্রপাতে বাংলাদেশে প্রাণহানির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তালগাছ বজ্রপাত প্রতিরোধসহ প্রাণহানি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বজ্রপাত থেকে রক্ষা পেতে এই তাল বীজ রোপণ করা হচ্ছে।
আরও পড়তে পারেন: ইছামতিতে দুই বাংলার প্রতিমা বিসর্জন








