বগুড়ার শিবগঞ্জের আমতলি বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাড়ি ও আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
বগুড়া ফায়ার সার্ভিস স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমতলি বাজারে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বুধবার সকালে বাজারে হাজী কনফেকশনারী নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পাশের দোকান ও ফরিদ উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর, সোনাতলা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে। এরপর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে স্বপন আলী নামে এক ফায়ার সার্ভিসকর্মী অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্তদের দাবি,তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান,ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। তাদের সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে ওই তালিকা পাঠানো হবে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।







