বগুড়ায় মা-মেয়েকে নির্যাতনের মামলায় তুফানসহ চার জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার শিশু আদালতের বিচারক মোহাম্মদ ইমদাদুল হক শুনানি শেষে এ আদেশ দেন। তবে একই মামলায় তুফানের শ্বশুর জামিলুর রহমান রুনু এবং নাপিত জীবন রবিদাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।
এসময় ছাত্রীর মাকে নিজ জিম্মায় নেওয়ার জন্য তার স্বামী আবেদন করলে আদালত আগামী ৮ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
আদালত সূত্র জানায়, মা-মেয়েকে নির্যাতনের মামলায় আইনজীবী আবদুল মান্নাফ সোমবার তুফান সরকার, তার স্ত্রী তাছমিন রহমান আশা, শ্যালিকা পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি, তাদের মা লাভলী রহমান রুমির জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তা না মঞ্জুর করেন। এ মামলায় চার্জশিট বহির্ভূত তুফানের শ্বশুর জামিলুর রহমান রুনু ও নাপিত জীবন রবিদাসের জামিন মঞ্জুর করেছেন। আগামী ২৩ নভেম্বর এ মামলার ধার্য তারিখ রয়েছে।
উল্লেখ্য নির্যাতনের শিকার ওই ছাত্রী বর্তমানে রাজশাহীর সেফহোম ও তার মা ভিকটিম সাপোর্ট সেন্টারে আছেন।








