নাটোরের লালপুর উপজেলার নূরুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় জিয়ারুল ইসলাম (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে সোমবার ভোরে গ্রেফতার করা হয়। জিয়ারুল একই গ্রামের মৃত জানবক্সের ছেলে।
নাটোর ডিবি পুলিশের ওসি আব্দুল হাই জানান, সোমবার ভোরে ডিবি পুলিশের একটি দল লালপুরের নূরুল্লাহপুরে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী জিয়ারুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় । এ ঘটনায় লালপুর থানায় জিয়ারুল ও অপর পলাতক দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পলাতক আসামিদের দুই জনই নারী।








