মালদ্বীপের মডেল ও রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাউধা আথিফের মৃত্যুর ঘটনা পুনঃতদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (২৩ ডিসেম্বর) রাউধার মৃত্যুর কারণ উদঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই সদস্যরা।
এ নিয়ে পঞ্চমবারের মতো রাউধার মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। এর আগে চারবার তার মৃত্যুর ঘটনা তদন্ত করা হয়েছে। প্রতিবারই মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে। সর্বশেষ এই মামলার তদন্ত করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য রাউধার লাশ কবর থেকে তোলা হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতের নির্দেশে আমরা নতুনভাবে রাউধা আথিফের মৃত্যুর কারণ তদন্ত করে দেখব। এই কারণে আমরা ঘটনাস্থল পরিদর্শনও করেছি।’
আলমগীর হোসেন জানান, সিআইডির তদন্ত প্রতিবেদনে রাউধার বাবা মোহাম্মদ আথিফ নারাজি দেওয়ায় এবং পিবিআইকে দিয়ে তদন্ত করার অনুমতি চাওয়ায় আদালত নতুন করে এই মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন। রাউধার বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ নভেম্বর আদালত পিবিআইকে এ নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধা আথিফের মৃতদেহ উদ্ধার পুলিশ। এ ঘটনায় ওইদিন নগরীর শাহমখদুম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।








