নাটোরের বাগাতিপাড়ায় এক তরুণকে বিবস্ত্র করে পেটানোর ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিফ মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছেন। এছাড়া পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৩ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন ও সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ মঙ্গলবার রাতে আমাদের সঙ্গে আলোচনা ও নিজেদের মধ্যে জরুরি সভা করে আলিফকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বুধবার দুপুরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবপেজে আপলোড করা হয়।’
জেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুর রহমান শ্রাবন জানান, সোমবার সন্ধ্যায় একটি তুচ্ছ ঘটনায় লালপুর উপজেলার এক তরুণকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে বিবস্ত্র করে পেটানোর অভিযোগ পাওয়া যায় আলিফের বিরুদ্ধে। ওই ঘটনায় স্থানীয় এমপি আবুল কালাম আজাদ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সম্পর্কে জানতে চান। এ সময় ঘটনার শিকার তরুণ অভিযোগ করেন, মাদক সরবরাহ না করায় তাকে বিবস্ত্র করে পেটানো হয়েছে। তবে আলিফ দাবি করেন, সিগারেট কিনতে দেওয়া ৫০০ টাকা আত্মসাৎ করায় তাকে বিবস্ত্র করে পেটানো হয়েছে। এ ঘটনায় আলিফ পদত্যাগ করার ঘোষণা দেন।
আরও পড়তে পারেন: যুবককে বিবস্ত্র করা ছাত্রলীগ নেতা পদচ্যুত, বহিষ্কারের সুপারিশ







