সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাম্পত্য কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে শারমীন খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের মীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরের দিকে মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মহসিন আলী বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত শারমীন ওই গ্রামের হায়দার হোসেনের স্ত্রী ও বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মহসিন আলী জানান, প্রায় ৭/৮ বছরে আগে উল্লাপাড়া উপজেলার মীরপাড়া গ্রামের শামছুল ইসলামের ছেলে হায়দার হোসেনের সঙ্গে বেলকুচির শেরনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে শারমীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার ভোরে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে স্বামী হায়দার স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শারমীনের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা থানায় খবর দিলে দুপুরের দিকে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান তিনি।
আরও পড়ুন: ইউপি সদস্যের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে








