সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ অন্য দেশের সরকারের স্থায়িত্ব ও উন্নয়নের তুলনা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘একটি দল দীর্ঘদিন সরকারে থাকলে দেশের উন্নয়নের গতি বাড়ে এবং দৃশ্যমান হয়। আওয়ামী লীগ সরকার বিগত ৯ বছরে যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে অন্তত আরও দশ বছর সরকার পরিচালনা করতে হবে।’ সোমবার দুপুরে তার নির্বাচনি এলাকা কাজীপুরসহ সিরাজগঞ্জ সদরের ৪ ইউনিয়নের দলীয় বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নতুন বছর ২০১৮ সাল আওয়ামী লীগের জন্য নির্বাচনি বছর মন্তব্য করে নেতাকর্মীদের উদ্দেশে নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন ও পদ্মাসেতু নির্মাণসহ বিগত ৯ বছরে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। জনগণের ভাগ্যের পরিবর্তন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগের ক্ষমতায় থাকা দরকার। দলের নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে এবং এটা বোঝাতে হবে।’
এসময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার ও সরকারের পক্ষ থেকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এখন দল গোছানোর সময়, নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পালা। নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় ছাড়া বিকল্প নেই।’
বক্তব্যের শুরুতেই মোহাম্মদ নাসিম বলেন, ‘ভারত আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই।
বিএনপি’র অবস্থান বিশ্লেষণ করে তিনি বলেন, ‘তারা মুখে যাই বলুক না, খালেদা জিয়াকে নির্বাচনে আসতেই হবে। তা না হলে তাদের দলের অস্তিত্ব থাকবে না।
কাজীপুরে মোহাম্মদ নাসিমের বাসভবনের সামনে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান। বিকেল পাঁচটা পর্যন্ত বর্ধিত সভা চলে। বর্ধিত সভায় তৃণমূলের নেতাদের বক্তব্য ও পরামর্শ তিনি ধৈর্য্য সহকারে শুনেন।
আরও পড়ুন: আ.লীগ নেতার ছেলেসহ দুই দলিল লেখকের বিরুদ্ধে দুদকের মামলা







