চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা আজাহারুল ইসলাম ওরফে সাজ্জাদ শাহ্ নামের এক ব্যক্তির দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে। ক্ষতিগ্রস্ত ওই মাছ চাষি এ ব্যাপারে বগুড়ার আদমদীঘি থানায় অভিযোগ করেছেন। আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।
আদমদীঘির সান্তাহারের ঘোড়াঘাট এলাকার আজাহারুল ইসলাম অন্যান্য ব্যবসার পাশাপাশি মাছ চাষ করেন। গত বছর ২৯ ডিসেম্বর বিকালে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইলে ফোন করে তার ছেলে মারিফুল ইসলাম দীপ্তর কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়। এরপর ১ জানুয়ারি রাতে আজাহারুল ইসলামের গ্রামের বাড়ি ছাতিয়ান গ্রামের ঘোড়াদহ এলাকার একটি পুকুরে বিষ দেওয়া হয়। এতে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মরে ভেসে ওঠে।
তার ধারণা, চাঁদাবাজরাই এ কাজ করেছে। তাই তার ছেলে দীপ্ত পরদিন আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেন। এতে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়। ৪ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ফোন করে পুকুরে বিষ দেওয়ার কথা স্বীকার করে এবং ফের চাঁদা দাবি করে। না দিলে আরও বড় ক্ষতি করার হুমকি দেয়। এরপর ৫ জানুয়ারি রাতে আরেকটি পুকুরে আবার বিষ দেয়। এতে ওই পুকুরে থাকা প্রায় আড়াই লাখ পাঙ্গাস মাছ মরে ভেসে ওঠে।
ওই ব্যবসায়ীর দাবি, এ মাছের বাজারদর ছিল প্রায় ৯ লাখ টাকা। এ বিষয়েও আদমদীঘি থানায় অভিযোগ করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অবিলম্বে চাঁদাবাজদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
আদমদীঘি থানার ওসি আবু সায়িদ ওয়াহেদুজ্জামান জানান, দোষীদের শনাক্ত ও ধরতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।








