বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) সাহজাহান কবিরকে প্রকাশ্যে কুপিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে বন বিভাগের কার্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে গ্রামের বাড়ি যাওয়ার জন্য খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের কোয়ার্টার থেকে রিকশায় বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন সাহজাহান কবির। পথে শাজাহানপুর উপজেলার কৈগাড়ি এলাকায় ৩-৪ জন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তিনি দৌড়ে বন বিভাগের কার্যালয়ের একটি কক্ষে ঢুকে পড়েন। দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে পাশের একটি মসজিদ থেকে মুসল্লিরা বের হলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাসপোর্ট অফিসের একাধিক কর্মচারী জানান, তাদের কার্যালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। টাকা ছাড়া এখানে কোনও কাজ হতো না। সাহজাহান কবির সহকারী পরিচালক হিসেবে যোগদানের পর অফিসকে দুর্নীতিমুক্ত ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেন। অফিসে জবাবদিহি বক্স স্থাপন করেন। এতে আশপাশের প্রভাবশালী দালাল ও অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা ক্ষুব্ধ হয়। ২-৩ দিন আগে সরকার দলীয় স্থানীয় এক পৌর কাউন্সিলরের নেতৃত্বে তার ক্যাডাররা অফিসে এসে এডি সাহেবকে হুমকি দিয়ে যায়। তারাই এ হামলার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী বলেন, ‘এডি সাহজাহান কবির খুব ভালো কর্মকর্তা। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে। এছাড়া হামলাকারীদের গ্রেফতারে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা আসামিদের গ্রেফতারে মাঠে রয়েছে।’
শজিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাহজাহান কবিরের ডান হাটু, ডান হাত এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে হাটু এবং হাতের জখম গুরুতর। তবে তিনি আশঙ্কামুক্ত।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এ হামলার কারণ ও এর সঙ্গে কারা জড়িত তা জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, ঘটনাস্থল পার্শ্ববর্তী থানায় হলেও তারা হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতারে মাঠে রয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা দিকে এডি সাহজাহান কবিরকে বগুড়া শজিমেক হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, সাহজাহান কবির আশঙ্কামুক্ত ছিলেন। তারপরও পাসপোর্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইচ্ছায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হবে।








