রাজশাহীতে কাগজপত্র তল্লাশির নামে হয়রানির অভিযোগে পুলিশের সার্জেন্ট রবিউল ইসলামকে লাঞ্ছিত করেছে শ্রমিকরা। শুক্রবার (৬ এপ্রিল) বিকালে নগরীর রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনার পর শ্রমিকরা চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা সার্জেন্ট রবিউল ইসলামকে প্রত্যাহারের দাবি জানান। পরে পুলিশের কর্মকর্তা ও শ্রমিক নেতারা গিয়ে পরিস্থিতি শান্ত করে অবরোধ সরিয়ে দেয়।
রাজশাহী মহানগর ট্রাফিক বিভাগের পরিদর্শক মোফাখ্খারুল আলম জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর আমচত্বর হয়ে বাইপাস সড়ক দিয়ে নাটোরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। এসময় রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ট্রাকের গতিরোধ করে সার্জেন্ট রবিউল ইসলাম কাগজপত্র দেখতে চান। কিন্তু চালক কাগজপত্র দেখাতে রাজি হননি। এ নিয়ে রবিউলের সঙ্গে ওই চালকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সার্জেন্ট রবিউলকে ট্রাক ড্রাইভার আবুল কালাম ও কয়েকজন শ্রমিক লাঞ্ছিত করে। এ ঘটনার পর তারা রাস্তার ওপর এলোপাতাড়ি গাড়ি রেখে মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা রবিউলকে প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এতে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বলেন, ‘ট্রাক ড্রাইভার আবুল কালাম একজন শ্রমিক নেতা। কাগজপত্র বের করতে দেরি হওয়ায় সার্জেন্ট রবিউল তাকে গালি দেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ট্রাকচালক আমাকে ফোন করার জন্য মোবাইল বের করে। এ সময় সার্জেন্ট রবিউল মোবাইল কেড়ে নিয়ে জামার কলার ধরে ট্রাক থেকে টেনে হিঁচড়ে নামায়। এতে ক্ষুদ্ধ হয়ে শ্রমিকরা সার্জেন্ট রবিউলকে লাঞ্ছিত করে।’








