রাজশাহীতে ডাক দিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

রাজশাহী প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ০৯:০২আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ০৯:০২

রাজশাহীতে ডাক দিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে তা প্রত্যাহার করা হয়েছে। শ্রমিক নির্যাতনের একটি মামলার আসামিদের গ্রেফতার করতে না পারায় বুধবার (১১ এপ্রিল) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন একযোগে এই ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিল। পরে পুলিশের আশ্বাসে মঙ্গলবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

জানা গেছে, গত ৪ এপ্রিল ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নগরীর তালাইমারী চেক পয়েন্টে কল্যাণ চাঁদা তুলছিলেন সংগঠনের কার্যকরী সদস্য আজিবার রহমান। এসময় নগরীর মিজানের মোড় এলাকার আক্কাস আলী নামে এক ব্যক্তির ট্রাক সে পথ দিয়ে যাচ্ছিল। আজিবার রহমান ওই ট্রাকটির রশিদ দেখতে চান। তখন মজিবর রহমান বকুল নামের ওই চালক ফোন করে ট্রাকের মালিক আক্কাস আলী ও তার সহযোগী মাসুম আলীসহ কয়েকজনকে ডেকে আনেন। এরপর তারা আজিবার রহমানকে পিটিয়ে আহত করেন। এছাড়া তার কাছে থাকা কল্যাণ চাঁদার ৫০ হাজার ৫২০ টাকা ছিনিয়ে নেন।

এরপর তারা চলে গেলে স্থানীয়রা আজিবারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় পরদিন (৫ এপ্রিল) নগরীর মতিহার থানায় একটি মামলা করা হয়। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি। তাদের গ্রেফতারের দাবিতে গত শনিবার (৭ এপ্রিল) সংবাদ সম্মেলন করে ৭২ ঘণ্টা সময়দেওয়া হয়। এই সময়ের মধ্যে আসামি ধরতে না পারলে বুধবার পরিবহন ধর্মঘট পালনেরও হুমকি দেওয়া হয়। কিন্তু তারপরেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ নিয়ে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল করেন এই দুই পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। নগরীর বোয়ালিয়া থানার মোড়ে জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বের করা হয় মিছিলটি। এরপর নগরীর সাহেববাজার প্রদক্ষিণ করে ফের এই কার্যালয়ে গিয়েই শেষ হয় মিছিল। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কামাল হোসেন রবি।

সমাবেশে তিনি বলেন, ‘শ্রমিক নির্যাতনকারী ট্রাক মালিক নগরীতে প্রাইভেটকারে করে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।’ এসময় তিনি ওই আসামিকে গ্রেফতারের জন্য রাত ৯টা পর্যন্ত সময় বেধে দেন। এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে বুধবার পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দেন তিনি। কিন্তু এই সময়ের মধ্যে পুলিশ মামলার কোনও আসামিকেই গ্রেফতার করতে পারেনি।

মঙ্গলবার রাত ৯টায় যোগাযোগ করা হলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম মোমিন জানান, ‘আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে অনুরোধ করা হয়েছে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের। তাই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আসামি গ্রেফতার করা না হলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম