সরকারি চাকরিতে কোটা সংস্কারের সুনির্দিষ্ট ঘোষণা ও দুই মন্ত্রীর বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১১ এপ্রিল) বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আয়োজনে সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন।
রাবি ক্যাম্পাস সূত্র জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে ১০টায় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে আসে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সাড়ে ১০টায় দুই শহস্রাধিক শিক্ষার্থী ঢাকা-রাজশাহী মহাসড়কে যায়।
এর আগে, মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যায় অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনের রাবি শাখার সমন্বয়ক মাসুদ মুন্নাফ। ওই ডাকে সাড়া দিয়ে বুধবার ক্লাস বর্জন করে আন্দোলনে আসে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
অন্যদিকে, সকাল ১১টা থেকে রুয়েটের প্রধান ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, সোমবার সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধূরি আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ এবং মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ‘বাজেটের আগে কোটা সংস্কারের উদ্যোগ নেওয়া সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন।








