সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে দুই রোহিঙ্গা তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ এপ্রিল) বিকালে ভাঙাবাড়ি মহল্লার বারুপুরের মোক্তেল হাসেনের ছেলে মানবপাচারকারী নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা হলেন রোকেয়া খাতুন (১৯) ও রহিমা খাতুন (১৮)।
উদ্ধারকৃত রোহিঙ্গা নারীরা বলেন, গত বছরের আগস্টে কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকায় তারা আশ্রয় নেন। কিছু দিন পর সেখান থেকে পালিয়ে দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। নজরুল ইসলাম তাদের মালয়েশিয়া নেওয়ার কথা বলে বুধবার (২৫ এপিল) রাতে তার বাড়িতে নিয়ে আসেন। শুক্রবার এলাকার লোকজন তাদের কথা জানার পর ওই বাড়িতে ভিড় জমে যায়।
এ বিষয়ে স্থানীয় হারুন অর রশিদ বলেন, নজরুল এলাকার চিহ্নিত মানবপাচারকারী।
নজরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে সংবাদ না করার অনুরোধ করেন।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, শনিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। নজরুলসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানান তিনি।








